টাঙ্গাইল, হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন হবিগঞ্জের বাহুবল উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আরও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের সংযোগ সড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে নয়টার দিকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকটির চালক হাসান আলী (৩৮) ও তাঁর সহকারী আবদুল হামিদ (২৯) ঘটনাস্থলেই নিহত হন। তাঁদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার অলোয়াভবানী গ্রামে। দুর্ঘটনায় আহত অপর ট্রাকের চালক ও তাঁর সহকারীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে চারটায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১২)। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী শরত চন্দ্র উচ্চবিদ্যালয়ের ছাত্র। এ ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন এবং ঘাতক ট্রাকটি পুড়িয়ে দেন। নিহত মিজানুর রহমান বাহুবল উপজেলার মীরেরপাড়া গ্রামের সাদত মিয়ার ছেলে।
স্কুল ছুটির পর মিজানুর রহমান বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী এলাকায় সিলেটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।