টাঙ্গাইল-৩ আসনে উপনির্বাচন ১৮ নভেম্বর
টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ নভেম্বর ওই আসনে ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন।তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ অক্টোবর, বাছাই হবে ২১ অক্টোবর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। এই উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মো. খুরশীদ আনোয়ার এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ পেয়েছেন টাঙ্গাইলের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান।তফসিল ঘোষণা অনুষ্ঠানে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, গাজীপুর উপনির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনের মডেল হতে পারে না। জাতীয় নির্বাচনের বিষয় জাতীয় নির্বাচনের সময় বোঝা যাবে। তিনি বলেন, ‘গাজীপুর উপনির্বাচন সুন্দর পরিবেশে হয়েছে। ভোটাররা কোনো বাধার সম্মুখীন হয়নি। ভোট পড়ার এ হার আমেরিকান স্ট্যান্ডার্ডে ভালো। আমাদের এখানে তো ৮০ থেকে ৯০ শতাংশ লোক ভোট দেয়।’ বিরোধী দলের অনুপস্থিতি, বৃষ্টি, ভোটার স্লিপ বিতরণ না হওয়া এবং একই পরিবারের দুজন প্রার্থী হওয়ায় ভোটার উপস্থিতি কম ছিল বলে সিইসি মনে করেন।