টাঙ্গাইল-৫ আসনের গেজেট নিয়ে গোপনীয়তা
টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে প্রকাশিত গেজেট নিয়ে গোপনীয়তা অবলম্বন করছে নির্বাচন কমিশন সচিবালয়।কমিশন সচিবালয় সূত্র জানায়, সোমবার প্রকাশিত এই গেজেট গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগে সংসদ সচিবালয়ে পাঠানো হয়। রেওয়াজ অনুযায়ী, গেজেট প্রকাশের পরপরই তা সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর কথা। কিন্তু মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা সংক্রান্ত এই গেজেট সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে ছাপা হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর।গতকাল এই গেজেট সংগ্রহ করার জন্য গণমাধ্যমের কর্মীরা কমিশন সচিবালয়ে গেলে সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সদস্যপদ হারানো সাংসদ আবুল কাশেম উচ্চ আদালতে রিভিউ পিটিশন জমা দিয়েছেন। সে জন্য কমিশন সচিবালয় আপাতত গেজেট বিতরণ না করার নির্দেশ দিয়েছে।নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, গেজেট জনগণকে জানানোর জন্য প্রকাশ করা হয়। এ নিয়ে গোপনীয়তার কিছু নেই। কেন তা সাংবাদিকদের দেওয়া হয়নি, সে বিষয়ে কমিশন সচিবালয় ভালো বলতে পারবে।নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক দাবি করেন, এই গেজেট বিতরণ না করতে নির্দেশনা দেওয়া হয়নি। উচ্চ আদালতের নির্দেশ পাওয়ার পর নির্বাচন কমিশন গত সোমবার টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেমের সংসদ সদস্যপদ বাতিল করে মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।