টাঙ্গাইল-৮ আসনের সাংসদ শাহজাহান আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৮ আসনের (সখিপুর-বাসাইল) আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান
টাঙ্গাইল-৮ আসনের (সখিপুর-বাসাইল) আওয়ামী লীগ দলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান

টাঙ্গাইল-৮ আসনের (সখীপুর-বাসাইল) আওয়ামী লীগদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান হূদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি মা, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই ও তিন বোন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত নিজ বাসায় আজ ভোরে হূদরোগে আক্রান্ত হন এই সাংসদ। দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে সকাল সাড়ে ছয়টার সময় তাঁর মরদেহ সখীপুর পৌরসভার গড়গোবিন্দপুর গ্রামের নিজ বাড়িতে আনা হলে এক হূদয় বিদারক পরিবেশ তৈরি হয়।
শওকত মোমেন শাহজাহানের মরদেহ দুপুর ১২টার দিকে সখীপুর উপজেলা মাঠ থেকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। জাতীয় সংসদ ভবনসহ চারটি স্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
শওকত মোমেন শাহজাহান দশম জাতীয় সংসদসহ চারবার সাংসদ নির্বাচিত হন। ১৯৮৬ সালে তিনি প্রথমবারের সাংসদ নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সাল (উপনির্বাচন), ২০০৮ ও ২০১৪ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সালে সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদে সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন সখীপুর মুজিব ডিগ্রি কলেজের শিক্ষকতা করেন। রাজনীতির পাশাপাশি তিনি একাধারে কবি, সাহিত্যিক, কলামিস্ট ও মুক্তিযোদ্ধা ছিলেন।
শোক প্রকাশ: সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শওকত আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।