টাঙ্গাইল-৮ আসনের স্থগিত কেন্দ্রে কাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপনির্বাচনে স্থগিত ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগামীকাল বুধবার ভোট নেওয়া হবে।
আজ মঙ্গলবার সকালে সখীপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুহাম্মদ ইদি আমীন বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট নেওয়া হবে।
স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ ওই আসনের উপনির্বাচনের ভোট নেওয়া হয়। কিন্তু ভোট জালিয়াতির অভিযোগে সখীপুর উপজেলার ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার যোগসাজশে ভোটের আগের রাতেই ভোট দিয়ে বাক্স ভর্তি করার অভিযোগ ওঠে। ভোটের দিন সকালে ভোট দিতে না পেরে ভোটাররা কেন্দ্রের বাইরে বিক্ষোভ করেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেকের লোকজন নির্বাচনী কর্মকর্তাদের আটকে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ ১৯ জনকে উদ্ধার করে। পরে রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন।
গত ২০ জানুয়ারি এ আসনের সরকারদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর আসনটি শূন্য হয়।