টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ নয়, ঢাকা বিভাগেই টাঙ্গাইলকে রাখার দাবিতে গতকাল মঙ্গলবার টাঙ্গাইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে বক্তারা বলেছেন, টাঙ্গাইল জেলা প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে নেওয়া হলে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গতকাল সকালে শহরের নিরালা মোড়ে ওই কর্মসূচি শুরু হয়। ‘ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি’ আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর খান, জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সালাম চাকলাদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শফিকুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক জাফর আহমেদ, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা, ভাসানী ফাউন্ডেশনের সভাপতি খন্দকার নাজিম উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।
বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জাফর আহমেদ জানান, আজ বুধবার থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হবে। দাবি মানা না হলে পরবর্তী সময়ে হরতাল, অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।