টাঙ্গাইলে র‌্যাবের বিরুদ্ধে ছাত্রলীগের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) এক কর্মকর্তাকে প্রত্যাহারের দাবিতে গত শুক্রবার রাতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। এলাকাবাসী জানান, র‌্যাব সদস্যদের সঙ্গে বাগিবতণ্ডার জের ধরে শুক্রবার রাত নয়টার দিকে টাঙ্গাইলের করটিয়া বাইপাস ও শহর বাইপাস এলাকা অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বলেন, শুক্রবার রাত আটটার দিকে টাঙ্গাইল ক্যাম্পের ডিএডি শিবনাথ পালের নেতৃত্বে র‌্যাব সদস্যরা শহরের মহিষখোলা রোডে ছাত্রলীগের কর্মী রাজনের বাবা মজিবুর রহমানের খোঁজে তাঁদের বাসায় যান। খবর পেয়ে যুগ্ম সম্পাদক মির্জা রানাসহ কয়েকজন নেতা-কর্মী নিয়ে তিনি সেখানে উপস্থিত হন। এ সময় র‌্যাবের ডিএডি শিবনাথ পাল নেতা-কর্মীদের কাছে পরিচয় জানতে চাইলে তাঁরা নিজেদের পরিচয় দেন। কিন্তু সাদা পোশাকে থাকা ডিএডি শিবনাথ পালের পরিচয় জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সাধারণ সম্পাদক ইশতিয়াক বলেন, কিছুক্ষণ পর সেখানে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সান-ই-য়াত খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম এ রৌফসহ কয়েকজন নেতা-কর্মী যান। তাঁদের সঙ্গেও র‌্যাব সদস্যরা বিবাদে জড়িয়ে পড়েন। পরে র‌্যাবের টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল গিয়ে পরিস্থিতি শান্ত করে। র‌্যাবের ডিএডি শিবনাথ পাল বলেন, ‘এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালাতে গিয়ে সেখানে সাক্ষী হিসেবে মজিবর রহমানকে ডেকে আনা হয়েছিল। ছাত্রলীগের নেতারা প্রকৃত ঘটনা না জেনেই আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।’ টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জেলা আওয়ামী লীগ অফিসে গিয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। এরপর অবরোধ তুলে নেওয়া হয়। এ ব্যাপারে ছাত্রলীগের সভাপতি নাজমুল হুদা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে ডিএডিকে প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। টাঙ্গাইল র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মিজানুর রহমান বলেন, বিষয়টির তখনই মীমাংসা হয়। এর পরও ছাত্রলীগের নেতা-কর্মীরা মহাসড়ক ও শহরের নিরালা মোড় অবরোধ করে র‌্যাবের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।