টাঙ্গাইলে অব্যাহতি পাওয়া দুই আইন কর্মকর্তা আবার নিয়োগ চেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের পক্ষে মামলা পরিচালনার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া টাঙ্গাইলের দুই সরকারি আইন কর্মকর্তা ক্ষমা চেয়ে তাঁদের অব্যাহতির আদেশ পুনরায় বিবেচনা করতে আইনমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। তাঁরা হলেন বিশেষ সরকারি কৌঁসুলির (এসপিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া এ কে এম নাছিমুল আক্তার ও সহকারী কৌঁসুলির (এপিপি) পদ থেকে অব্যাহতি পাওয়া এ কে এম শামীমুল আক্তার। তাঁদের এই আবেদন টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে একটি প্রতিবেদন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশসহ (জেএমবি) বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যদের পক্ষে মামলা পরিচালনার অভিযোগে গত ২০ ডিসেম্বর ওই দুই সরকারি আইন কর্মকর্তাকে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এই অব্যাহতির আদেশ পুনরায় বিবেচনা করে আবার নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে আইনমন্ত্রীর কাছে ৬ জানুয়ারি তাঁরা আবেদন করেন। এতে তাঁরা উল্লেখ করেন, তাঁদের কাজে কোনো ত্রুটি হয়ে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে হয়েছে। এ জন্য আবেদনে তাঁরা ক্ষমাও চান। ১২ জানুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) মীর শফিকুল আলম অব্যাহতি পাওয়া নাছিমুল ও শামীমুলের আবেদনপত্র দুটি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেন।টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী জানান, মন্ত্রণালয় থেকে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয় খতিয়ে দেখে একটি প্রতিবেদন পাঠানোর জন্য তাঁকে অনুরোধ জানানো হয়েছে। নাছিমুল ও শামীমুল ২১ জানুয়ারি টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পৃথক অঙ্গীকারনামা জমা দিয়েছেন। এতে দুজন অঙ্গীকার করেন, পুনরায় বিশেষ পিপি ও এপিপি হিসেবে নিয়োগ পেলে তাঁরা জঙ্গিসংশ্লিষ্ট মামলায় আসামিপক্ষে মামলা পরিচালনা করবেন না। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁদের অঙ্গীকারনামা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি নাছিমুল আক্তার এবং জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শামীমুল আক্তার আপন ভাই। ২০০৬ সাল থেকে বিভিন্ন সময় টাঙ্গাইলে অস্ত্র, বিস্ফোরক ও জঙ্গিসংশ্লিষ্ট কাগজপত্রসহ গ্রেপ্তার হওয়া জেএমবি ও আল্লাহর দলের জঙ্গিদের পক্ষে তাঁরা মামলা পরিচালনা করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাঁরা সরকারি আইন কর্মকর্তা নিযুক্ত হন এবং এর পরও তাঁরা জঙ্গিদের পক্ষে মামলা পরিচালনায় যুক্ত থাকেন। এ বিষয়ে গত বছরের ২৮ অক্টোবর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।