টাঙ্গাইলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে গতকাল বুধবার প্রথম রায় হয়েছে। দুটি রায়ে অর্পিত সম্পত্তি প্রকৃত উত্তরাধিকারদের পক্ষে অবমুক্তির আদেশ দেওয়া হয়েছে। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালের বিচারক হিসেবে এ রায় দেন।প্রথম রায়ে মির্জাপুর উপজেলার আনাইলবাড়ি গ্রামের জ্ঞানমোহনের বসতবাড়ি ও বাড়িসংলগ্ন ৪৫ শতক সম্পত্তি অবমুক্তির আদেশ হয়। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত জ্ঞানমোহন জানান, তিনি কখনো ভারতে যাননি। অথচ তাঁর জমি অন্যায়ভাবে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত করা হয়েছিল। চার দশকেরও বেশি সময় পর তিনি ন্যায় বিচার পেলেন। অপর রায়ে টাঙ্গাইল শহরে আকুরটাকুরপাড়া মৌজার শিপ্রা ঘোষ ও নিপা ঘোষের পক্ষে পাঁচ শতক জমি অবমুক্তি দেওয়া হয়। দুটি সম্পত্তিই অর্পিত সম্পত্তির ‘ক’ তফসিলভুক্ত।ট্রাইব্যুনাল সূত্র জানায়, এই আদালতে অর্পিত সম্পত্তির ‘ক’ ও ‘খ’ তফসিলভুক্ত আট শতাধিক আবেদন জমা পড়েছে।