টাঙ্গাইলে অর্পিত সম্পত্তির মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের জন্য গঠিত ট্রাইব্যুনাল এবং জেলা কমিটির কাছে মামলার আবেদন জমা পড়েছে ৬০ হাজার ১১৮টি। এই বিপুলসংখ্যক মামলার কারণে ভয়াবহ জটের সৃষ্টি হয়েছে। অর্পিত সম্পত্তি অবমুক্তির জন্য আদালতে ও জেলা কমিটিতে এসে দিনের পর দিন ঘুরছেন লোকজন। দুর্ভোগ পোহাচ্ছেন তাঁরা।মামলাজট কমাতে ও মানুষের দুর্ভোগ লাঘবের জন্য বিশেষ বিচারক নিয়োগ দিয়ে মামলাগুলো দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই সঙ্গে জেলা কমিটিও বর্ধিত করার দাবি উঠেছে।জেলা প্রশাসন কার্যালয় থেকে জানায়, জেলায় মোট অর্পিত সম্পত্তির পরিমাণ ৪৫ হাজার ১৬৭ একর। বিদ্যমান আইনে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি (যেসব সম্পত্তি আবেদনকারীদের দখলে রয়েছে) অবমুক্তির জন্য জেলা কমিটির সভাপতি বা ট্রাইব্যুনালে আবেদন করতে হয়। আর ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির (যেসব সম্পত্তি সরকার ইজারা দিয়েছে অথবা সরকারের নিয়ন্ত্রণে রয়েছে) জন্য শুধু ট্রাইব্যুনালে আবেদনের বিধান রাখা হয়েছে।আদালত-সংশ্লিষ্টরা জানান, ট্রাইব্যুনালে মোট ২০ হাজার ৩৯০টি আবেদন জমা পড়েছে। আর জেলা কমিটিতে আবেদন জমা পড়েছে ৩৯ হাজার ৭২৮টি। জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজের নেতৃত্বে গঠিত দুটি ট্রাইব্যুনাল এবং অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটির মাধ্যমে এসব মামলার আবেদন নিষ্পত্তি করা হচ্ছে।টাঙ্গাইল শহরের ওষুধ ব্যবসায়ী সুব্রত দত্ত তাঁর সম্পত্তি অবমুক্তির জন্য ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলাটি চূড়ান্ত শুনানির তারিখ পড়েছে কয়েকবার। কিন্তু শুনানি হয়নি। একই অবস্থা শহরের ময়মনসিংহ সড়কের বাসিন্দা মহব্বত হোসেন খানের। ট্রাইব্যুনালে তাঁর মামলাটি পাঁচবার চূড়ান্ত শুনানির তারিখ ধার্য হলেও এখনো শুনানি হয়নি।আদালত-সংশ্লিষ্টরা জানান, ট্রাইব্যুনাল দুটিতে প্রতিদিন ১৫-২০টি করে মামলা চূড়ান্ত শুনানির জন্য কার্যতালিকায় রাখা হচ্ছে। কিন্তু সময়ের অভাবে শুনানি হচ্ছে দু-একটি করে মামলার। বাকিগুলো নতুন তারিখ ধার্য করা হচ্ছে।টাঙ্গাইলের সরকারি উকিল (জিপি) আবদুর রশিদ বলেন, এসব ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের দৈনন্দিন দেওয়ানি, আপিল এবং দায়রা মামলার কার্যক্রম পরিচালনার জন্য বেশির ভাগ সময় দিতে হয়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অর্পিত সম্পত্তি অবমুক্তির দু-একটির বেশি মামলা নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।টাঙ্গাইলের অর্পিত সম্পত্তিবিষয়ক সরকারি উকিল (ভিপি কৌঁসুলি) আবদুল বাছেদ বলেন, ইতিমধ্যে সরকার যুগ্ম জজ ও জ্যেষ্ঠ সহকারী জজদের অর্পিত সম্পত্তির অবমুক্তির মামলা পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর হলে মানুষের দুর্ভোগ কিছুটা কমবে।আইনজীবী নীহার সরকার বলেন, যুগ্ম জজদের অর্পিত সম্পত্তির মামলা নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হলেও জনগণের দুর্ভোগ খুব একটা কমবে না। কারণ, তাঁদের দৈনন্দিন বিচারকাজ পরিচালনার পাশাপাশি অর্পিত সম্পত্তির মামলাগুলো নিষ্পত্তি করতে হবে, যা বিপুলসংখ্যক মামলার ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়বে না। একাধিক বিশেষ বিচারক নিয়োগ দিলে অর্পিত সম্পত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তি সম্ভব বলে তিনি মনে করেন।অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সম্পর্কিত জেলা কমিটির সভাপতি ও টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শোয়াইব আহমেদ খান বলেন, একটি কমিটির পক্ষে দিনে ১০টির বেশি মামলা নিষ্পত্তি করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সময় বেশি লেগে যাবে।জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী বলেন, অন্যান্য জেলার তুলনায় টাঙ্গাইলে অর্পিত সম্পত্তির পরিমাণ বেশি। তাই স্বাভাবিকভাবে মামলাও বেশি। এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বিচারক নিয়োগ এবং জেলা কমিটি বর্ধিত করা প্রয়োজন।