টাঙ্গাইলে আ.লীগ নেতা রাজ্জাককে সংবর্ধনা
বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে এখনই মাঠে নেমে পড়তে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বসে নেই। এ বিষয়েও সচেতন থাকতে হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার আব্দুর রাজ্জাককে সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র সাহা প্রমুখ বক্তব্য দেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরাও যোগ দেন। এ সময় আব্দুর রাজ্জাককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান তাঁরা।