টাঙ্গাইলে আটকে দেওয়া হচ্ছে ট্রেন
বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ থেকে সব ট্রেনের ঢাকা আসা বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলো টাঙ্গাইল রেল স্টেশনে পৌঁছানোর পর তা ফেরত পাঠানো হচ্ছে। আজ শনিবার সকালে রাজশাহী থেকে আসা পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইলে পৌঁছালে পুলিশ মাইকিং করে যাত্রীদের নেমে যেতে বলে। এ সময় শতাধিক যাত্রীকে আটক করে পুলিশ। এ অবস্থায় ঢাকাগামী দুটি ট্রেনের শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়ে। পর্যাপ্ত যানবাহন না থাকায় কার্যত যাত্রীরা আটকা পড়ে আছে সেখানে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর জানান, ঘারিন্দা রেলওয়ে স্টেশন থেকে আটক করা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।
ঘারিন্দার স্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সকাল সাতটা ১০ মিনিটে এবং নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সকাল সাতটা ৪০ মিনিটে স্টেশনে পৌঁছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন দুটি থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। পরে ট্রেন দুটি ফেরত পাঠানো হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত টাঙ্গাইল স্টেশন থেকে কোনো ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে না বলেও জানান তিনি।