
টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান ওরফে রানাসহ মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেলে স্থানীয় শহীদ মিনারে সমবেত হন। তাঁরা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে ফিরে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিছুর রহমান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম, খুন হওয়া ফারুক আহমেদের স্ত্রী নাহার আহমেদ, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল খান, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর হাসান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বাদল তরফদার প্রমুখ।
ফারুক হত্যা মামলার প্রধান আসামি সাংসদ আমানুর দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর গত রোববার আদালতে আত্মসমর্পণ করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আমানুরকে প্রথমে টাঙ্গাইল জেলা কারাগার ও পরে সেখান থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ ২০১৩ সালের ১৮ জানুয়ারি তাঁর বাসার সামনে থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে টাঙ্গাইল থানায় মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশের তদন্তে সাংসদ আমানুর ও তাঁর চার ভাইয়ের এই হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। গত ৩ ফেব্রুয়ারি আমানুরসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় গোয়েন্দা পুলিশ। ২৯ সেপ্টেম্বর টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতে এই মামলার অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে।