নয় ঘণ্টা পর উত্তর ও দক্ষিণের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের পরে পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর সোয়া ১২টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ের স্টেশন মাস্টার নুরুল হুদা জানান, উদ্ধারকারী ট্রেন এসে কাজ করার পর চলাচল আবার শুরু হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের মাস্টার নুরুল হুদা ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সকালে জানান, ভোররাত তিনটার দিকে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর পাথাইল কান্দি রেলক্রসিংয়ের কাছে পৌঁছানোর পর লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেনও আটকা পড়ে।