টাঙ্গাইলে ইন্টারনেট উৎসব কাল
কাল বৃহস্পতিবার টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে প্রথম আলো-গ্রামীণফোন ইন্টারনেট উৎসব। ইন্টারনেট নিয়ে জেলায় এই প্রথম কোনো উৎসব হতে যাচ্ছে। এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে শিক্ষার্থীদের মধ্যে। কাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত শহরের মাহমুদুল হাসান কলেজে এই উৎসব চলবে। এতে মাহমুদুল হাসান কলেজ ছাড়াও সৃষ্টি কলেজ অব টাঙ্গাইল, শাহীন কলেজ, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বিবেকানন্দ উচ্চবিদ্যালয়, জেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল, পুলিশ লাইনস উচ্চবিদ্যালয়, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এবং টাঙ্গাইল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেবে। উৎসব সফল করতে প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা গতকাল মঙ্গলবার শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রচারণা চালায়। বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল করিম বলেন, এই উৎসব শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রতি আগ্রহী করে তুলবে। উৎসবে ইন্টারনেট জিনিয়াস প্রতিযোগিতা, গেম শো ছাড়াও ইন্টারনেটবিষয়ক বিভিন্ন উপস্থাপনা ও প্রদর্শনীর ব্যবস্থা থাকবে।