টাঙ্গাইলে এক দিনে সর্বোচ্চ ১৯৩ জনের করোনা শনাক্তের রেকর্ড
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ৪৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ৪৪ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় সর্বোচ্চ ৭৯ জন রয়েছেন। এ ছাড়া ঘাটাইলে ২৬ জন, কালিহাতীতে ১৮ জন, গোপালপুরে ১৬ জন, দেলদুয়ার ও ভূঞাপুরে ১৪ জন করে, মধুপুরে ৮ জন, ধনবাড়ী ও মির্জাপুরে ৬ জন করে, সখীপুর ও নাগরপুরে ৩ জন করে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৭ হাজার ৩৮৭ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মোট ১০৮ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ছয়টি শয্যার সব কটিতেই করোনার রোগী ভর্তি আছেন। তাই নতুন কোনো রোগীর আইসিইউ সেবার প্রয়োজন হলে তাঁদের ঢাকায় স্থানান্তর করা হচ্ছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা সন্দেহে আজ নতুন ৫১ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই হাসপাতালে ২২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান বলেন, স্বাস্থ্যবিধি না মানার ফলে গত দুই সপ্তাহে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল, কালিহাতী ও এলেঙ্গা পৌর এলাকায় ২২ জুন থেকে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা কঠিন।