টাঙ্গাইলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এবং ট্রেনে কাটা পড়ে গত মঙ্গল ও গতকাল বুধবার এক নারীসহ পাঁচজন নিহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শহরের শিবপুর এলাকায় গতকাল দুপুরে ঢাকাগামী এসআর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বগুড়াগামী সাকিব পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এসআর পরিবহনের সুপারভাইজার শফিকুল ইসলাম এবং বগুড়াগামী বাসের যাত্রী মর্জিনা বেগম ও অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হন। এ ছাড়া ৩০ যাত্রী আহত হন। তাঁদের ২৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শফিকুল ইসলামের বাড়ি গাইবান্ধার মুন্সিপাড়ায়। মর্জিনা বগুড়ার শাজাহানপুরের শামছুল হকের স্ত্রী। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে। ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বজলুল হক মিল্কী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনমাস্টার জালাল উদ্দিন জানান, মমিন খান গত মঙ্গলবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ট্রেন চিত্রা এক্সপ্রেসে টাঙ্গাইল এসে নামেন। তাঁর সঙ্গে থাকা খুলনাগামী এক বন্ধুকে বিদায় জানাতে আবারও তিনি ওই ট্রেনে ওঠেন। এ সময় ট্রেনটি ছেড়ে দিলে দ্রুত নামতে গিয়ে ওই ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মমিনের বাড়ি সদর উপজেলার গালা ইউনিয়নের বেলতিয়া গ্রামে।নিহত মমিনের পারিবারিক সূত্র জানায়, এক মাস চাকরির প্রশিক্ষণ শেষে মমিন ঢাকা থেকে মঙ্গলবার রাতে বাড়ি ফিরছিলেন। এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনমাস্টার মো. ইব্রাহিম জানান, কালিহাতী উপজেলার জোগারচর এলাকায় গতকাল সকালে অজ্ঞাতপরিচয় এক পথচারী রাস্তা পারাপারের সময় কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।