টাঙ্গাইলে একজনকে মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে এক যুবককে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান আজ বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তির নাম মো. জুয়েল রানা। তিনি কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
মামলার অপর দুই আসামি জাকির হোসেন ও গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের উভয়কেই বেকসুর খালাস দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, জুয়েল রানা ২০১৫ সালের ১২ ডিসেম্বর পূর্বশত্রুতার জের ধরে তাঁদের একই এলাকার শামীম নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। পরে পার্শ্ববর্তী বেলটিয়া গ্রামের একটি কলাবাগানে লাশ মাটিচাপা দিয়ে রাখেন। নিহত শামীমের পরিবারের লোকজন সন্দেহবশত জুয়েলকে আটক করে। একপর্যায়ে তিনি শামীমকে হত্যার কথা স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে শামীমের মা শাহনাজ বেগম বাদী হয়ে ওই বছর ১৫ ডিসেম্বর তিনজনকে আসামি করে কালিহাতী থানায় মামলা করেন।
রায় ঘোষণার পর জুয়েল রানাকে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর খান।