টাঙ্গাইলে এলজিইডির ছয় কোটি টাকার কাজ ভাগাভাগি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ছয় কোটি টাকার কাজ আওয়ামী লীগ সমর্থক ঠিকাদারেরা ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ জন্য চাপ প্রয়োগ করে সাধারণ ঠিকাদারদের কাছ থেকে দরপত্র নিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং নতুন করে দরপত্র আহ্বানের দাবিতে বিক্ষুব্ধ ঠিকাদারেরা গত সোমবার দুপুরে এলজিইডির টাঙ্গাইল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এদিকে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার ৩১ লাখ টাকার ১৭টি কাজ ঠিকাদারেরা সমঝোতার ভিত্তিতে ভাগ-বাটোয়ারা করে নিয়েছেন।এলজিইডি সূত্র জানায়, ‘গ্রামীণ সড়ক ও কালভার্ট রক্ষণাবেক্ষণ, ইউনিয়ন সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ—বৃহত্তর ময়মনসিংহ’ প্রকল্পের আওতায় ছয় কোটি ৪৮ হাজার ৮১৪ টাকার ২৫টি কাজের দরপত্র আহ্বান করা হয় গত ৮ নভেম্বর। গত রোববার শিডিউল বিক্রির দিন সকাল থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলজিইডি ভবনে অবস্থান নেন। তাঁরা সমঝোতার কথা বলে সব ঠিকাদারের কাছ থেকে দরপত্র নিয়ে নেন। কয়েকজন ঠিকাদার অবশ্য অন্য কার্যালয় থেকে কয়েকটি শিডিউল সংগ্রহ করেন। রোববার রাত নয়টার পর শহরের নিরালা মোড়ে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সমঝোতা বৈঠক শুরু হয়। সোমবার ভোর পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে কাজভেদে ১০ থেকে ১৫ শতাংশ টাকার বিনিময়ে পছন্দের ঠিকাদারদের মধ্যে কাজ বণ্টন করা হয়। এলজিইডির একাধিক ঠিকাদার জানান, তাঁরা সংশ্লিষ্ট অন্য কার্যালয় থেকে দরপত্র ক্রয় করেছিলেন। কিন্তু ওই রাতে সমঝোতা বৈঠক থেকে তাঁদের বাড়ি বাড়ি লোক পাঠিয়ে দরপত্র নিয়ে নেওয়া হয়। ঠিকাদার লতিফ শিকদার জানান, তিনি সিরাজুল ইসলাম নামের এক ঠিকাদারের লাইসেন্সে শিডিউল ক্রয় করেছিলেন। নেতাদের কাছে দরপত্র না দেওয়ায় সোমবার ভোরে সিরাজুল ইসলামকে পুলিশ আটক করে টাঙ্গাইল সদর মডেল থানায় নিয়ে যায়। দরপত্র জমা দেবেন না—এই শর্তে পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। টাঙ্গাইল সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, ভোরের দিকে পুলিশের ভ্রাম্যমাণ দল সিরাজুল নামের একজনকে ধরে এনেছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে দরপত্র জমা দিতে নিষেধ করার কথা তিনি অস্বীকার করেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শরীফ হাজারীর সঙ্গে যোগাযোগ করা হলে গতকাল মঙ্গলবার রাতে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রোববার রাতে তিনি টাঙ্গাইলে ছিলেন না। তাঁর জানামতে, এলজিইডির কাজ ভাগ-বাটোয়ারার কোনো ঘটনা ঘটেনি। টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব হোসাইন বলেন, ‘আমাদের অফিসে শিডিউল বিক্রি ও জমা দেওয়ায় কোনো সমস্যা হয়নি। বাইরে কোনো ঝামেলা হয়ে থাকলে আমাদের কিছু করার নেই।’সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভার ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন-সহায়তা তহবিলের আওতায় ১৭টি প্রকল্প বাস্তবায়নের জন্য ৩১ লাখ ২৫ হাজার টাকার দরপত্র আহ্বান করা হয়। গত ২৩ নভেম্বর শিডিউল বিক্রি করা হয়। এ দিন ১৫৩টি শিডিউল বিক্রি হয়। দরপত্র জমা দেওয়ার দিন ২৪ নভেম্বর মাত্র ৫৫টি দরপত্র জমা পড়ে। সংশ্লিষ্ট বিভাগের ঠিকাদার ও এলাকাবাসী জানান, ২৩ নভেম্বর রাতে স্থানীয় ঠিকাদার সমিতির সভাপতি ও চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ আলীর চাচাতো ভাই দিদার হোসেনের নেতৃত্বে পৌরসভা ভবনেই জরুরি বৈঠক হয়। বৈঠকে শিডিউল ক্রয়কারী সব ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, ১৭ জন ঠিকাদার কাজ নেবেন বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। বাকি ঠিকাদারেরা কমিশন পাবেন। আয়াত আলী নামের এক ঠিকাদার বলেন, এই সমঝোতায় নিরপেক্ষ অনেক ঠিকাদার বঞ্চিত হয়েছেন। কয়েকজন ঠিকাদার লাভবান হলেও কাজের মান নিয়ে প্রশ্ন উঠবে। দরপত্র সমঝোতাকারী চুনারুঘাট উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি দিদার হোসেন বলেন, ‘দরপত্র জমা দিলে কেউই লাভবান হবেন না। তাই আমরা সমঝোতা করে এক দরে জমা দিয়েছি। লটারিতে যাঁর ভাগ্যে কাজ জোটে তিনিই করবেন।’ চুনারুঘাট পৌরসভার প্রশাসক মোহাম্মদ আলী বলেন, বাইরে ঠিকাদারেরা সমঝোতা করলে সেখানে আমার কোনো দায়-দায়িত্ব থাকে না। বুধবার (আজ) দরপত্র কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।