টাঙ্গাইলে ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ও সুনামগঞ্জে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় ট্রাকচালকসহ দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত চারজনের অবস্থা গুরুতর। নিহত ব্যক্তিরা হলেন কালিহাতীর ভেঙ্গুলা গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রশিদনগর গ্রামের ট্রাকচালক ফিরোজ মিয়া (৪০)। পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল ঢাকাগামী বিনিময় পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরিত দিক থেকে আসা প্লাস্টিক সামগ্রী বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত এবং ২৫ জন বাসযাত্রী আহত হন। পরে হাসপাতালে ট্রাকচালক ফিরোজ মারা যান। এদিকে সুনামগঞ্জের মদনপুর এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুজন, আহত হয়েছেন ১২ জন। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের মদনপুর গ্রামের মজর আলী (৫০) ও গোবিন্দপুর গ্রামের ইছব আলী (৬৫)।পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মজর আলী ও ইছব আলীর মৃত্যু হয়। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে ১২ জন যাত্রী আহত হন। সুনামগঞ্জের হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত জানান, আহত বাসযাত্রীদের সুনামগঞ্জ সদর হাসপতালে পাঠানো হয়েছে।