টাঙ্গাইলে কবি সম্মেলন

‘সম্প্রীতি ও মানবতার জন্য কবিতা’ স্লোগান সামনে নিয়ে আজ শনিবার টাঙ্গাইলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে কবি সম্মেলন। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।
সকালে প্রধান অতিথি কবি বুলবুল খান মাহবুব মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে টাঙ্গাইল ক্লাবের সহসভাপতি হারুন-অর-রশিদ, কবি রোকেয়া ইসলাম, স্বকাল পরিষদের সভাপতি নূরুল ইসলাম বাদল প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধন শেষে সাহিত্যের কাগজ কথার ১৮তম সংখ্যার মোড়ক উম্মোচন করা হয়। পরে কবিতাপাঠে অংশ নেন কবিরা।
বিকেলে কবি আশরাফ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বেসরকারি উন্নয়ন সংগঠন সেতুর নির্বাহী পরিচালক মির্জা শাহাদত হোসেন। আলোচনায় অংশ নেন কবি জাহাঙ্গীর ফিরোজ, টাঙ্গাইল ক্লাবের সম্পাদক আবদুল হামিদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ টাঙ্গাইল শাখার সভাপতি নীহার সরকার, ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক, জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক এম এ রৌফ, সময় তরঙ্গ পত্রিকার নির্বাহী সম্পাদক সুজয় দেব প্রমুখ।
সম্মেলনে ভারত থেকে আসা দুজনসহ দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক কবি অংশ নেন।