টাঙ্গাইলে কবিতা উৎসব শুরু
ভারত ও বাংলাদেশের কবিদের অংশগ্রহণে টাঙ্গাইলে শুরু হয়েছে তিন দিনব্যাপী বাংলা কবিতা উৎসব। গতকাল শুক্রবার সকালে স্থানীয় ভাসানী হল চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার আয়োজিত কবিতা উৎসবে ভারতের ৫০ জন এবং দেশের প্রায় ২৫০ জন কবি-সাহিত্যিক অংশ নিচ্ছেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলা ভাষার আন্তর্জাতিক মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। লেখক সৈয়দ শামসুল হক কবিতা চর্চায় অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রকল্প গ্রহণ করে এ ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান। টাঙ্গাইলের জেলা প্রসাশক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতিসচিব হেদায়েত উল্লাহ আল মামুন, ভারতের কবি প্রণব কুমার মুখোপাধ্যায়, কবি অর্ধেন্দু চক্রবর্তী, খন্দকার নাজিম উদ্দিন, কবি মাহমুদ কামাল প্রমুখ।