টাঙ্গাইলে কারচুপির আশঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের আট পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। সেই সঙ্গে নির্বাচনে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। অবশ্য আওয়ামী লীগের নেতারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
টাঙ্গাইল, গোপালপুর, ধনবাড়ী, মধুপুর, কালিহাতী, ভূঞাপুর, মির্জাপুর ও সখীপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। গতবার এসব পৌরসভার পাঁচটিতে আওয়ামী লীগ-সমর্থিত ও তিনটিতে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী জয়ী হন। টাঙ্গাইলে বিএনপির প্রার্থী মাহমুদুল হক বলেন, আওয়ামী লীগের প্রার্থী মোটরসাইকেলের বহর নিয়ে প্রচারণার পাশাপাশি রাস্তা বন্ধ করে নির্বাচনী সভা করছেন। এ ছাড়া বিধি ভেঙে অনেক বেশি নির্বাচনী কার্যালয় স্থাপন করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাওয়া যায়নি। তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। তবে আওয়ামী লীগের প্রার্থী জামিলুর রহমান বলেন, জনসমর্থন না পেয়ে বিএনপির প্রার্থী একের পর এক মিথ্যা অভিযোগ করছেন।
মধুপুরে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র সরকার শহীদুল ইসলাম বলেন, ‘আমার কর্মীদের হুমকি দিচ্ছেন আওয়ামী লীগের লোকেরা। কর্মীরা নির্বিঘ্নে প্রচার কাজ চালাতে পারছেন না। আমি পরপর তিনবার মেয়র নির্বাচিত হয়েছি। এবার কারচুপি করে আমাকে পরাজিত করার পাঁয়তারা করছে।’ ধনবাড়ীতে বিএনপির প্রার্থী এস এম এ সোবাহান বলেন, ‘যত দূর জানতে পেরেছি, রামচন্দ্রবাড়ী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, পানকাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও ধনবাড়ী সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রে কারচুপির পরিকল্পনা করেছে আওয়ামী লীগ।’
মির্জাপুর পৌরসভায় বিএনপির প্রার্থী হযরত আলী মিয়ার অভিযোগ, আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সাংসদ নির্বাচনী প্রচারণা করছেন। তিনি বিভিন্ন ব্যক্তিকে ডেকে আওয়ামী লীগ প্রার্থী চাচাতো ভাইয়ের পক্ষে কাজ করার অনুরোধ করছেন।
জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, প্রশাসন শতভাগ নিরপেক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে।