টাঙ্গাইলে খাজনা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাজনা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার ১৪টি মৌজার শতাধিক ভূমিমালিক। গত বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পড়েন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার। উপস্থিত ছিলেন খাজনা আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি জুলফিকার হায়দার, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসেম আজাদ প্রমুখ। সংবাদ সম্মেলনে শতাধিক ভূমিমালিক দাবি করেন, এক যুগ ধরে তাঁরা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভোগদখল করলেও খাজনা দিতে এবং জমির নামজারি করতে পারছেন না। তাই জমি কেনাবেচা বন্ধ রয়েছে। এ কারণে ওই জমিতে কোনো কলকারখানা গড়ে তোলা সম্ভব হচ্ছে না। খাজনা আদায় বাস্তবায়ন কমিটির সভাপতি জুলফিকার হায়দার বলেন, ২৫ জুলাইয়ের মধ্যে খাজনা না নেওয়া হলে স্থানীয় ভূমি অফিস অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখা হবে। সারা দেশের সঙ্গে সখীপুরে ১৯৭৬ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ১৪টি মৌজায় ভূমি জরিপ সম্পন্ন হয়। এরপর আটটি মৌজার ভলিউম সখীপুর ভূমি অফিসে এলেও এবং ভূমিমালিক বরাবর নকশা ও পরচা সরবরাহ করা হলেও স্থানীয় ভূমি অফিস খাজনা নিচ্ছে না। ১৬ জুন সখীপুরে খাজনা নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।