প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলাকে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগে নয়, ঢাকা বিভাগেই রাখার দাবিতে গতকাল বুধবার টাঙ্গাইল শহরের পাঁচটি স্থানে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় টাঙ্গাইল শহীদ মিনারে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির আয়োজন করে ‘টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবি বাস্তবায়ন কমিটি’। গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। সকাল থেকেই কয়েক শ মানুষ শহরের শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন স্থানে স্বাক্ষর সংগ্রহস্থলে গিয়ে স্বাক্ষর দেন। গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। বাস্তবায়ন কমিটির সদস্যসচিব জাফর আহমেদ জানান, প্রথম দিনেই প্রায় ৫০ হাজার স্বাক্ষর সংগৃহীত হয়েছে।