টাঙ্গাইলে গণিত উৎসব শুরু

টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজে আজ রোববার ডাচ বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসব-২০১৬ শুরু হয়েছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দমোহন দে।

এরপর পাঁচ শতাধিক শিক্ষার্থী চারটি বিভাগে পরীক্ষা অংশ নেয়। পরীক্ষা শেষে উৎসব মঞ্চে শুরু হয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এতে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, বাংলাদেশ গণিত অলিমপিয়াড কমিটির সাধারণ সাধারণ সম্পাদক মুনির হাসান, মওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী অনুষদের ডিন মতিউর রহমান,

পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মাসুম হায়দার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ ওয়াহিদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কোন সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করা যায় না? শূন্য কোথায় আবিষ্কৃত হয়েছে? ইংরেজি ৮ ও বাংলা ৪ এক রকম কেন? গণিতের সহমৌলিক সংখ্যা আছে, সহযোগী সংখ্যা নেই কেন? ঘড়ির কাটা ডান দিকে ঘোরে কেন?
অতিথিদের উদ্দেশে শিক্ষার্থীরা এসব প্রশ্ন রাখে। একেকটি প্রশ্নের উত্তর দেন একেকজন।