টাঙ্গাইলে গৃহবধূ ও ময়মনসিংহে ভাইয়ের হাতে ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গতকাল রোববার এক অন্তঃসত্ত্বা গৃহবধূ ও ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। একই দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: সদর উপজেলার মামুদনগর ইউনিয়নের কুকুরিয়া গ্রামে রাবেয়া আক্তার (২৫) নামের নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। রাবেয়ার বাবা রুহুল আমিন অভিযোগ করেন বিয়ের পর থেকেই জামাতা ইয়াকুব আলী রাবেয়াকে মারধর করতেন। ইটভাটায় শ্রমিকের কাজ করেন ইয়াকুব। সেখানে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে তাঁদের সঙ্গে প্রতিদিনই ঝগড়া হতো। ইয়াকুবই তাঁর মেয়েকে হত্যা করেছেন। ঘটনার পর ইয়াকুব ও তাঁর বাড়ির লোকজন পালিয়ে গেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ইয়াকুব প্রায় সাত বছর আগে সিরাজগঞ্জের চৌহালীর জাজিরা গ্রামের রুহুল আমিনের মেয়ে রাবেয়াকে বিয়ে করেন। তাঁদের পাঁচ বছরের একটি সন্তান রয়েছে। গত শনিবার রাতে রাবেয়া তাঁর সন্তানকে নিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের ভেতর তাঁর গলা কাটা লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। ফুলপুর (ময়মনসিংহ): উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কুশকান্দা গ্রামে জমি নিয়ে বিরোধে গতকাল আবু বক্কর (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর স্ত্রী আকলিমা খাতুন জানান, আবু বক্করকে সকালে তাঁর আপন ভাই আবদুল মান্নান জমি বিরোধের ঘটনা মীমাংসা করবেন বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে তাঁকে সুলফি দিয়ে আঘাত করেন মান্নান। এতে ঘটনাস্থলেই আবু বক্কর মারা যান।থানার ওসি এস আলম বলেন, দুই ভাইয়ের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ ও মামলা চলছিল। গতকাল এ বিষয়ে নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু বক্কর নিহত ও আরও তিনজন আহত হন। এ ঘটনায় মুরাদ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিশোরগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে করিমগঞ্জের কুমুরিয়া গ্রামের একটি পুকুরে মাজেদা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। মাজেদা ওই গ্রামের তোতা মিয়ার স্ত্রী। এ ঘটনার পর থেকে তোতাসহ তাঁর বাড়ির লোকজন পলাতক। থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মাজেদাকে হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে বলে প্রমাণিত হয়েছে। লাশের পায়ে ইট বাঁধা ছিল। সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।