টাঙ্গাইলে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে গৃহবধূ মন্টি ঘোষকে (২১) হত্যার ঘটনায় তাঁর স্বামী রনি ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের একটি বাসা থেকে রনিকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর মডেল থানার পুলিশ।
পুলিশ জানায়, তিন মাস আগে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার বাসিন্দা ও মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্রনাথ ঘোষের ছেলে রনি ঘোষের সঙ্গে গাজীপুরের চিনি ঘোষের মেয়ে মন্টির বিয়ে হয়। বিয়ের পর থেকেই রনি যৌতুক দাবি করছিলেন। এ নিয়ে মাঝেমধ্যে তিনি মন্টিকে শারীরিক নির্যাতন করতেন। সাত দিন আগে রনি যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল ও ১০ লাখ টাকা চান। এ নিয়ে গত শনিবার বিকেলে সালিস বৈঠক হয়। শনিবার রাতের কোনো এক সময় রনি স্ত্রী মন্টিকে নির্যাতন করে হত্যা করেন। ঘটনার পর ওই বাড়ির সবাই মন্টির লাশ ঘরে ফেলে চলে যান। এ ঘটনায় রোববার রাতে চিনি ঘোষ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় রনি ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ এবং রনির তিন ভাইকে আসামি করে একটি হত্যা মামলা করেন। গতকাল ভোরে সিরাজগঞ্জ শহরের একটি বাসা থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্ত্রী মন্টিকে খুন করার কথা স্বীকার করেছেন। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম রনিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।