টাঙ্গাইলে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া এলাকায় আকলিমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আকলিমা কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের শাহ আলমের স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, শহরের সাবালিয়ার বাসিন্দা জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক দেওয়ান শামীম রেজা গত বৃহস্পতিবার পরিবারের সবাইকে নিয়ে সিলেটে বেড়াতে যান। শামীম যাওয়ার সময় তাঁর স্ত্রীর খালাতো বোন আকলিমা ও তাঁর স্বামী শাহ আলমকে বাড়িতে রেখে যান। গতকাল বেলা দুইটার দিকে শাহ আলম বাজার থেকে ওই বাড়িতে ফিরে তাঁর স্ত্রীর হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ বিছানায় দেখতে পান বলে জানান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় জড়িত সন্দেহে শাহ্ আলম এবং তাঁর দুই বন্ধু ইনসান ও শাহ আলমকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।