টাঙ্গাইলে গ্রেপ্তার জেএমবির তিন নারী সদস্য রিমান্ডে
টাঙ্গাইলের কালিহাতী থেকে গ্রেপ্তার জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন নারী সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে গতকাল সোমবার টাঙ্গাইলের বিচারিক হাকিম এই রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার জেএমবির তিন নারী সদস্য হলেন রোজিনা বেগম (৩০), সাজিদা আক্তার (২২) ও জান্নাতী ওরফে জেমি (১৮)। কালিহাতীর যোকারচর রেলগেটের পাশে একটি বাড়ি থেকে ৪ জুলাই রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মো. কুতুব উদ্দিন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেন। এ মামলায় তাঁদের স্বামীদেরও আসামি করা হয়। ওই দিনই টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে হাজির করে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চায় পুলিশ। বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাশ তাঁদের কারাগারে পাঠিয়ে ঈদের ছুটির পর রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেন।
টাঙ্গাইলের জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, গতকাল রিমান্ড আবেদনের শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মাসুম আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার রোজিনা বেগমের স্বামীর নাম মোকছেদুল ইসলাম ওরফে মোজাম্মেল ওরফে হারেজ (৩৫)। তাঁর বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভূতমারা গ্রামে। সাজিদা আক্তারের স্বামী নজরুল ওরফে বাইক নজরুল ওরফে পারভেজ ওরফে হাসান (২৯)। তাঁর বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ছাবাহার গজপুরী গ্রামে। জান্নাতীর স্বামী আবু সাঈদ ওরফে সবুজ (২৪)। তাঁর বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার বাগরা কুসুমদী গ্রামে। পুলিশ বলেছে, গ্রেপ্তার জেএমবির ওই তিন নারী সদস্য এবং তাঁদের স্বামীরা সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গুপ্তহত্যার সঙ্গে জড়িত।