টাঙ্গাইলে ঘুষের টাকাসহ প্রকৌশলী গ্রেপ্তার, কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিরঞ্জন কুণ্ডুকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে শহরের নিউমার্কেট এলাকা থেকে ঘুষের আট হাজার টাকাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন সরকার জানান, টাঙ্গাইল পৌর এলাকার অলোয়া ভবানী গ্রামের দুটি ট্রান্সফরমার সপ্তাহখানেক আগে বিকল হয়ে যায়। ট্রান্সফরমার দুটি মেরামত করার ব্যাপারে কথা বলতে স্থানীয় মো. রহিম ও মো. নাসিম নিরঞ্জনের কাছে যান। নিরঞ্জন তাঁদের কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন। রহিম ও নাসিম বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে জানান। এসপি তাঁদের নিয়ে যাওয়া টাকায় স্বাক্ষর দিয়ে ফটোকপি করে রেখে দেন।এসপির কথামতো রহিম ও নাসিম টাকা নেওয়ার জন্য নিরঞ্জন কুণ্ডুকে ফোন করে রাতে শহরের নিউমার্কেট এলাকায় আসতে বলেন। সেখানে তাঁকে আট হাজার টাকা ঘুষ দেন। ওই এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান ও গোয়েন্দা পুলিশ টাকাসহ নিরঞ্জনকে গ্রেপ্তার করেন। ওসি আরও জানান, এ ব্যাপারে পুলিশ মামলা করেছে।