টাঙ্গাইলে চলছে ভাষা প্রতিযোগ

টাঙ্গাইলে আজ শনিবার শুরু হয়েছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ ২০১৫-এর ১১ তম আয়োজন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন টাঙ্গাইলের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে এবং ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর।
এর পর সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এবার ভাষা প্রতিযোগের প্রথম উৎসব অনুষ্ঠিত হয় হবিগঞ্জে ৷ শিশু-কিশোরদের বাংলা ভাষা চর্চায় আগ্রহী করতে এইচএসবিসি ও প্রথম আলো যৌথভাবে ২০০৫ সালে এই প্রতিযোগিতা শুরু করেছিল ৷ গত বছর থেকে এ আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে গণসাক্ষরতা অভিযান।

উৎসবের উদ্বোধন পালা শেষ হওয়ার পর শুরু হয় পরীক্ষা পর্ব। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এই চার বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সময় ছিল ৪০ মিনিট। চলে সাড়ে ১০টা পর্যন্ত।
পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে শিক্ষার্থীদের ভাষাবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন অধ্যাপক সৌমিত্র শেখর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার, ভাষাবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক গুলশান আরা, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হোসনে আরা এবং ভাষা প্রতিযোগের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তারিক মনজুর। রয়েছেন কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার প্রায় ১১ শ শিক্ষার্থী ভাষা প্রতিযোগে অংশগ্রহণ করতে নাম নিবন্ধন করে।
