টাঙ্গাইলে চারজনের যাবজ্জীবন
টাঙ্গাইল শহরের লিটন কুমার দাস হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. গোলাম মর্তুজা মজুমদার গতকাল সোমবার এই রায় দেন। সাজা পাওয়া ব্যক্তিরা হলেন টাঙ্গাইল পৌর এলাকার অলোয়া গ্রামের নকুল দত্ত, সদর উপজেলার আলোকদিয়া গ্রামের নাজিম উদ্দিন ও হযরত আলী এবং দেলদুয়ার উপজেলার মাইঠান গ্রামের জাহাঙ্গীর হোসেন। এদের মধ্যে হযরত আলী পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় টিটু, খোকন দাস ও টোকন দাস নামের তিন আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইল শহরের কালিবাড়ী রোডে রণজির্যা কুমার দাসের ছেলে লিটন কুমার দাসকে দাওয়াত খাওয়ার কথা বলে ডেকে নিয়ে যান দণ্ডিত আসামি নকুল দত্ত। তার পর থেকে তিনি নিখোঁজ। এ ব্যাপারে লিটনের বাবা বাদী হয়ে ওই বছর ৭ ফেব্রুয়ারি টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।