চিকিৎসকের অবহেলায় অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যুর অভিযোগে টাঙ্গাইলে চিকিৎসক জিন্নাত আরাসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই নারীর স্বামী আবিদ হাসান কামাল বাদী হয়ে গত শনিবার টাঙ্গাইল সদর থানায় মামলাটি করেন। মামলা সূত্রে জানা গেছে, বাদীর স্ত্রী সুমনা ইসলাম গত ২৫ মার্চ দুপুরে টাঙ্গাইল শহরের সদর সড়কের আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। ওই দিনই হাসপাতালে কর্মরত চিকিৎসক জিন্নাত আরা ইসলাম সুমনাকে অস্ত্রোপাচারের মাধ্যমে একটি পুত্রসন্তান প্রসব করান। এরপর থেকেই সুমনার অবস্থার অবনতি হতে থাকে। জিন্নাত আরাকে বিষয়টি অবহিত করলেও তিনি কোনো খোঁজখবর না নিয়ে ঢাকায় চলে যান। পরে ঘটনাটি ওই হাসপাতালের চেয়ারম্যান আরফান আলী, পরিচালক আজমল আলী ও আবুল কালাম আজাদকে জানানো হলেও তাঁরা নীরব ভূমিকা পালন করেন। ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে সুমনাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।