টাঙ্গাইলে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে গতকাল শুক্রবার তিনটি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মচারীকে অপহরণের ঘটনায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে অপহূত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সমাজসেবা সম্পাদক আবদুল্লাহ আল রাব্বী এবং সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।পুলিশ জানায়, গত বুধবার একদল সন্ত্রাসী টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এলাকা থেকে টাঙ্গাইল পরিবার পরিকল্পনা কার্যালয়ের ফার্মাসিস্ট প্রীতিশ চন্দ্র বসুকে অপহরণ করেন। ওই দিনই অপহরণকারীরা তাঁর স্ত্রী বন্দনা বসুর কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে বন্দনা বসু অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। ওই রাতেই তিনটি ভাগে বিভক্ত হয়ে পুলিশ অভিযান চালায়। মুঠোফোনের কললিস্টের ভিত্তিতে পুলিশ নিশ্চিত হয়, অপহরণকারীরা যমুনা নদীতে নৌকায় অবস্থান করছেন। মাঝেমধ্যেই তাঁরা ফোনে প্রীতিশের স্ত্রীর কাছে মুক্তিপণের টাকা দাবি করছেন। এ সময় টাকা দেওয়ার কথা বলে সদর উপজেলার হুগড়ার চরে ফাঁদ পাতা হয়। অপহরণকারীরা গতকাল দুপুর ১২টার দিকে হুগড়ার চরে নেমে এলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ ছাড়া আতিকুর, আবদুল্লাহ আল রাব্বী ও জাহাঙ্গীরের কাছ থেকে ইতালি ও আমেরিকায় তৈরি একটি নাইন এমএম পিস্তল ও দুটি ৭.৬৫ পিস্তল ও ১৯টি গুলি উদ্ধার করা হয়।প্রীতিশ চন্দ্র থানায় বলেন, আতিকুর প্রায়ই তাঁর কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না পেয়ে গত বুধবার তাঁকে তাঁরা অপহরণ করেন।সদর থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।