টাঙ্গাইলে ছাত্রলীগ কর্মীদের হাতে জাপার সাংসদ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের শরিক দল জাতীয় পার্টির (জাপা) সাংসদ আবুল কাশেমকে লাঞ্ছিত করেছেন টাঙ্গাইলে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। গতকাল রোববার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির বরাদ্দপত্র বিতরণের সময় এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আবুল কাশেম খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে টিআর কর্মসূচির অধীনে ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ পান। নিজের নির্বাচনী এলাকার মসজিদ, মন্দির ও ক্লাবের নামে চাল বরাদ্দ দেওয়ার জন্য সাংসদ ৩০৯টি প্রকল্প তৈরি করেন। গতকাল দুপুরে বরাদ্দপত্র (ডিও লেটার) বিতরণের জন্য সদর উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাংসদ আবুল কাশেম অনুষ্ঠানস্থলে পৌঁছার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাঁরা মঞ্চ ভাঙচুর করেন এবং সাংসদ ও তাঁর সঙ্গে আসা কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ সময় উপজেলা পরিষদের লোকজন সাংসদকে মহিলা ভাইস চেয়ারম্যানের কক্ষে নিয়ে যান। সাংসদকে সেখানে প্রায় আধঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এ প্রসঙ্গে জেলা ছাত্রলীগের সভাপতি ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, মহাজোটের মনোনয়ন নিয়ে নির্বাচিত হলেও সাংসদ আবুল কাশেম এর আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও উপজেলা পরিষদকে পাশ কাটিয়ে তাঁর পছন্দের লোকদের মধ্যে টিআরের বরাদ্দপত্র বিতরণ করেছেন। এবারও বরাদ্দপত্র তৈরির ব্যাপারে তাঁকে তালিকা দেওয়া হয়। কিন্তু তিনি তা মানেননি। এ নিয়ে ক্ষুব্ধ কর্মীরা এ ঘটনা ঘটায়।সাংসদ আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি। তবে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত মীর জালাল আহমেদ জানান, এটা বিচ্ছিন্ন ঘটনা।