টাঙ্গাইলে ওষুধ ব্যবসায়ী কবির হোসেনের হত্যাকারীদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ধর্মঘট পালন করেছেন শহরের ওষুধ ব্যবসায়ীরা। এদিকে কবির হত্যার ঘটনায় করা মামলার দুই আসামিকে গত বুধবার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে।
এলাকার অনেকে ও পুলিশ জানান, আতিকুর বুধবার রাত পৌনে ১০টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সামনে কবির হোসেনের মালিকানাধীন ওষুধ ও মুঠেফোনে টাকা ভরার দোকানে ফ্লেক্সিলোড করতে যান। এ সময় কবিরের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর আতিকুর ও তাঁর সহযোগীরা দুটি মোটরসাইকেলে করে এসে গুলি করে ও কুপিয়ে কবিরকে ফেলে যান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা কবিরকে মৃত ঘোষণা করেন। রাতেই কবিরের বড় ভাই রুহুল আমিন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। আসামিরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ওরফে কোয়ার্টার রনি, সহসভাপতি রেজাউল করিম, সহ-সম্পাদক পাভেল আহমেঞ্চদ এবং সংগঠনের কর্মী উজ্জল, আকাশ ও রাব্বি। পুলিশ রাতেই উজ্জল ও আকাশকে গ্রেপ্তার করে। মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল কবিরের লাশ দাফনের জন্য জেলার ঘাটাইল উপজেলায় তাঁর গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।