টাঙ্গাইলে ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন সহপাঠীর যাবজ্জীবন
টাঙ্গাইলে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করার দায়ে তাঁর তিন সহপাঠীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মহসিন মোল্লা গতকাল মঙ্গলবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলাদড়িপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৩), কষ্টাপাড়া গ্রামের আবদুল জলিল (২২) ও বীলচাপড়া গ্রামের রাশেদ ওরফে রতন (২৩)। এঁদের মধ্যে জাহাঙ্গীর জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। সহকারী সরকারি কৌঁসুলি শামস উদ্দিন জানান, ২০০৭ সালের ১৭ নভেম্বর ভূয়াপুর ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী মরিয়ম বেগমকে তাঁর সহপাঠী দণ্ডিত তিন আসামি ভূয়াপুরের প্রত্যন্ত চরাঞ্চলের কোনাবাড়ী গ্রামে নিয়ে যান। সেখানে একটি আখখেতে নিয়ে তাঁকে ধর্ষণের পর জবাই করে হত্যা করেন। এ ঘটনায় মরিয়মের বাবা মতিয়ার রহমান মামলা করেন।পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করলে আসামি জাহাঙ্গীর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ভূয়াপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক মামলার তদন্ত শেষে দণ্ডিত তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।