টাঙ্গাইল সদর উপজেলায় সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করার অপরাধে দুজনকে তিন মাসের কারাদণ্ড এবং চারজনকে ৮ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল দুপুরে উপজেলার চারাবাড়ি এলাকায় র্যাব-১২-এর সদস্যদের সঙ্গে নিয়ে আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় চারাবাড়ি এলাকার হযরত আলী ও আবদুল মতিনকে তিন মাস করে কারাদণ্ড, একই এলাকার আবদুল মজিদ মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে ছয় মাসের, শিবলু মিয়াকে ৩ লাখ টাকা জরিমানা ও তা অনাদায়ে ছয় মাসের এবং আজাহার আলী ও শামীম মিয়াকে ১ লাখ টাকা করে জরিমানা ও তা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাহী হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, দণ্ডপ্রাপ্তরা প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সরকারি জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।