টাঙ্গাইলে জাগরণের গানে উদ্বেলিত তরুণ প্রজন্ম
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে জাগরণে মানুষকে উদ্বুদ্ধ করতেন। এই আদর্শ সামনে রেখে তাঁর স্মৃতিবিজড়িত টাঙ্গাইলের সন্তোষে গতকাল মঙ্গলবার বিকেলে জাগরণের গানে উদ্বেলিত হয়ে ওঠে তরুণ প্রজন্ম। তাঁদের কণ্ঠে ছিল দেশ গড়ার দৃপ্ত শপথ। ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে উচ্ছ্বসিত দর্শক-শ্রোতারা উপভোগ করেন এসব গান। বাংলালিংক ও প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় অনুষ্ঠিত জাগরণের গানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও টাঙ্গাইল বন্ধুসভার সদস্য এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিল। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম নুরুল ইসলাম বলেন, জাগরণের গানগুলো বুকের মধ্যে শিহরণ জাগায়। এর মাধ্যমে অতীতে ফিরে যাওয়ার সুযোগ হবে। এ গান নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে উত্সাহিত করবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন, বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড (সেলস) জহির উদ্দিন মোহাম্মদ নাদিব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ উমর ফারুক, অরিত্ররতন সরকার, বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফয়সাল হক, মো. নইম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বন্ধুসভার সদস্য জয়ন্তী অধিকারী। ‘জাগো বাঙালি জাগরণের গানে’ গণসংগীতের সংকলন জাগরণের গানের শিল্পীরা নয়টি গান পরিবেশন করেন। ঢাকা থেকে আসা জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা একের পর এক গান, নাচ পরিবেশনের মধ্য দিয়ে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন। শিল্পীরা একে একে গেয়ে শোনান ‘মাঠে মাঠে সোনালী ধান’, ‘হেই সামালো হেই সামালো’, ‘সোনায় মোড়ানো বাংলা’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’, ‘আজ যতো যুদ্ধবাজ’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘আমার সোনার বাংলা’। শিল্পী বিমান চন্দ্র বিশ্বাস ও সহশিল্পীরা গানগুলো পরিবেশন করেন। অনিক বসুর পরিচালনায় শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একাত্তরের চিঠি পাঠ, গান ও নাচ পরিবেশন করে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করেন।