টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নলসুন্দরপুর গ্রামের মুচিবাড়ী এলাকায় গতকাল শনিবার ধানভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে তিনজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আগ-দিঘুলিয়া গ্রামের আবদুল হালিম (৩০), ভুমুরিয়া গ্রামের শহিদুল ইসলাম (৩৫) এবং সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউনিয়া গ্রামের মনিরুল ইসলাম (৩০)।পুলিশ জানায়, নাগরপুর ও চৌহালী উপজেলার ১৪ জন শ্রমিক দল বেঁধে ধান কাটার জন্য সম্প্রতি সুনামগঞ্জের হাওড় অঞ্চলে যান। তাঁরা গত শুক্রবার রাতে একটি ট্রাক ভাড়া করে ধান নিয়ে নাগরপুরের উদ্দেশে রওনা হন। গতকাল সকালে ট্রাকটি উপজেলার নলসুন্দরপুর গ্রামের মুচিবাড়ী এলাকায় নির্মানাধীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানের বস্তা সরিয়ে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে। এতে ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। আহত হন আরও ১১ শ্রমিক। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে।