টাঙ্গাইলে ট্রাক খাদে, নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন পাবনা বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের সোহেল (৩৫), গাইবান্ধার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের সুজন মিয়া (৩৮), বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাসিমপুর চালুন্দা গ্রামের আফসার উদ্দিন খান (৬০) ও একই উপজেলার মোঘল গ্রামের আমিনুর রহমান (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী জানান, সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে বগুড়াগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে চারজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা সবাই শ্রমজীবী মানুষ। কম ভাড়ায় গন্তব্যে যেতে তাঁরা সিমেন্টবাহী ট্রাকে আরোহী হয়েছিলেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। তাঁদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় একটি মামলা হয়েছে।