টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪ কুড়িগ্রামে ২ কনস্টেবলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চারজন নিহত ও সাতজন আহত হয়েছে। কুড়িগ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, বরিশালের গৌরনদী, কুমিল্লার দাউদকান্দি, রংপুরের বদরগঞ্জ ও নেত্রকোনার কেন্দুয়ায় যুবলীগের নেতাসহ আরও ছয়জনের প্রাণহানি ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি সকাল সাতটার দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের ধলাটেংগুরে পৌঁছায়। এ সময় ট্রাকটির সামনের বাঁ দিকের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এ সময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত সাতজনকে টাঙ্গাইল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। তাঁর নাম দুলাল (৩০)। তিনি নাটোরের সিংড়া উপজেলার শ্রীঘণ্টা গ্রামের মোজাহার মিয়ার ছেলে। আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুড়িগ্রাম: কুড়িগ্রাম-রংপুর সড়কে সদর উপজেলা গেট এলাকায় গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হক স্পেশাল পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কনস্টেবল আ. বাতেন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলার কাশিপুর গ্রাম থেকে করিমনযোগে (সেচযন্ত্রচালিত যান) অসুস্থ নাতি নাইমুরকে নিয়ে সকিনা খাতুন (৪৫) ও তাঁর স্বামী সিদ্দিক আলী (৫০) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা দেন। সময় সঙ্গে ছিলেন জামাতা কামাল উদ্দিন (৩২) ও মেয়ে সুমাইয়া খাতুন (২২)। যানটি মনোহরপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার ট্রিলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইদ্রিস আলী ও পাঁচজন আরোহী আহত হন। আহত ব্যক্তিদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সকিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে গতকাল শুক্রবার সকালে একটি বাসের চাপা আবদুল ওয়াহিদ (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় কৈতক জামে মসজিদের ইমাম ছিলেন। গৌরনদী (বরিশাল): বরিশালের ভান্ডারিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনের পাড়ে পৌঁছালে গতকাল দুপুর ১২টায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ভান্ডারিয়ার বাসযাত্রী মো. সিদ্দিকুর রহমান (৪০) নিহত ও ২৫ জন আহত হন। দাউদকান্দি (কুমিল্লা): ঢাকা-কচুয়া সড়কে দাউদকান্দি উপজেলার ইটাখোলায় বৃহস্পতিবার সন্ধ্যায় সিএনজিচালিত একটি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার যাত্রী লাভলী আক্তার (৩৬) নিহত হন। বদরগঞ্জ (রংপুর): সফিকুর রহমান রংপুরের বদরগঞ্জ উপজেলা যুবলীগের নেতা। তাঁর ছোট ভাই ওয়াদুদ আলী চট্টগ্রাম থেকে বাড়ি আসেন। বৃহস্পতিবার বিকেলে নৈশ্য কোচে তুলে দিতে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চম্পাতলীতে তাঁর মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সফিকুর মারা যান। কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোনা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা অনিক পরিবহনের বাস কেন্দুয়া পৌর এলাকার টেংগুরী ঈদগাহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ময়মনসিংহ সদর উপজেলার চরভবানীপুর কোনাপাড়ার মাহবুব নূর (৩২) নিহত হন।