টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৮
ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাসে গত সোমবার রাতে একটি সবজিবোঝাই ট্রাক উল্টে আটজন নিহত ও ছয়জন আহত হয়েছে।পুলিশ ও আহত যাত্রীরা জানান, গাইবান্ধা থেকে ঢাকাগামী ট্রাকটি রাত একটার দিকে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের কান্দিলা নামক স্থানে অপর একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সবজির বস্তার নিচে চাপা পড়ে দুর্ঘটনাস্থলেই মারা যান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামের মহিন (২২), শাহানুর মণ্ডল (৪৫), হুরমুজ (৩৫); নয়নপুর গ্রামের নূর মোহাম্মদ (৩৫), ধীরেন (৪০), সোবাহান (৪০); বলিদহ গ্রামের মো. ফরহাদ (১৯) এবং বড়ছত্রাকগাছা গ্রামের আজিজার ফকির (৫০)। এ সময় ট্রাকের আরোহী ছয়জন আহত হন। গুরুতর আহত বলিদহ গ্রামের তারা মিয়াকে (১১) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর পাঁচজন প্রাথমিক চিকিৎসা নেন।আহত রিজু মণ্ডল জানান, গাইবান্ধার পলাশবাড়ী থেকে বস্তাভর্তি আলু ও কচু নিয়ে তাঁরা ১৪ জন রাত নয়টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হন। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এসে উদ্ধার-তৎপরতা শুরু করে। পরে পুলিশ ও দমকল বাহিনী উদ্ধারকাজে অংশ নেয়।হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. সালাহউদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছে। টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।