টাঙ্গাইলে ট্রাক চাপায় মামা ভাগনি নিহত
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগনি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের কহিক প্রামাণিকের ছেলে রহিম প্রামাণিক (৩০) ও তাঁর ভাগনি আঁখি পারভীন (১৭)।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার এসআই তৌহিদুল আলম বলেন, টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুলে (ম্যাটস) আঁখিকে ভর্তির জন্য রহিম মোটরসাইকেলযোগে পাবনা থেকে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আঁখি মারা যায়। পরে আহত অবস্থায় মামা রহিম প্রামাণিককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আঁখির লাশ বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানায় ও রহিমের লাশ টাঙ্গাইল মর্গে রয়েছে।