টাঙ্গাইলে ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে গতকাল মঙ্গলবার ট্রাক-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই টেম্পোর যাত্রী ছিলেন।নিহত ব্যক্তিরা হলেন: কালিহাতী উপজেলার সল্লা গ্রামের ইনতাজ আলীর ছেলে আবদুল বারেক (৫৩), মারফত আলীর ছেলে উমেদ আলী (৫৫), জয়নাল আবেদিনের ছেলে আনছের আলী (৬০) এবং বিলছাইয়া গ্রামের আলী আহমদের ছেলে আবদুল খালেক (৪০)।এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিহাতীর সল্লা থেকে একদল শ্রমিক টেম্পোযোগে এলেঙ্গা যাচ্ছিলেন। টেম্পোটি সকাল সাতটার দিকে ওই সড়কের ধলাটেঙ্গুর সেতুর ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত পাঁচজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল বারেকের ভাতিজা মামুন জানায়, তাঁর চাচাসহ অন্যরা সবাই কাজ করতে এলেঙ্গায় যাচ্ছিলেন। এ সময় তাঁরা এ দুর্ঘটনার শিকার হন। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।