টাঙ্গাইলে ট্রাকচাপায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে দুটি ট্রাকের মাঝে চাপা পড়ে চার টেম্পো আরোহী নিহত ও দুজন আহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী অন্য একটি ট্রাক রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কালিহাতী উপজেলার চরভাবলা নামক স্থানে পৌঁছায়। এ সময় সেতুর পূর্ব রেলওয়ে স্টেশন থেকে এলেঙ্গাগামী একটি যাত্রীবাহী টেম্পো ওই ট্রাক দুটির মাঝে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই টেম্পোচালকসহ চারজন নিহত ও দুজন আহত হন।
নিহত ব্যক্তিরা হলেন টেম্পোচালক টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলী গ্রামের আবদুস সালামের ছেলে ফারুক হোসেন (৩০), টেম্পোর আরোহী কালিহাতী উপজেলার মালতি গ্রামের আবদুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া (৪০), জামালপুর সদর উপজেলার খড়খড়িয়া গ্রামের আবদুল খালেকের ছেলে নুরুল ইসলাম (৪৫) এবং একই জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা গ্রামের মন্টু সাহার ছেলে নিরঞ্জন সাহা (৩৫)। আহত দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ট্রাক দুটি আটক করেছে। নিহত ব্যক্তিদের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা হয়েছে।