টাঙ্গাইলে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়িতে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রাককে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা-উত্তরবঙ্গ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমণি এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের চালক মিহির ঘোষ (৪৫) ও চালকের সহাকারী ফজলু মিয়া (৩৮) ঘটনাস্থলে মারা যান। এ সময় ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় ওই রেলপথে চার ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। চারটি ট্রেন টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে আটকা পড়ে। ভোরের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, ট্রাকটি অবৈধভাবে রেললাইন পার হচ্ছিল। সেখানে গেট বা গেটম্যান নেই।
দুর্ঘটনার খবরের সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাবুর রহমান।