টাঙ্গাইলে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া রেলক্রসিংয়ে আজ শুক্রবার ট্রেন ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিরা হলেন ট্রাকচালক সুজাত আলী (৩৬) ও শ্রমিক নিজাম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম প্রথম আলোকে জানান, হাবলা ভোরপাড়া থেকে মাটিভর্তি একটি ট্রাক নাটিয়াপাড়া যাওয়ার পথে টেংগুরিয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় সকাল পৌনে ১০টার দিকে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন এটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি রেললাইনের পার্শ্ববর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকের চালকসহ দুজন মারা যান। এ ঘটনায় আহত হন পথচারীসহ পাঁচজন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত রেলওয়ে থানার পুলিশ কর্মকর্তা সাহাদুল ইসলাম জানান, ঘটনার ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।