টাঙ্গাইলে ট্রেন থামিয়ে ৯৭ জনকে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকাগামী সব ধরনের ট্রেন চলাচল গতকাল শনিবার থেকে বন্ধ করে দিয়েছে পুলিশ।
সকালে রাজশাহী ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ও নীলফামারী ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস টাঙ্গাইলে পৌঁছালে মাইকিং করে যাত্রীদের নামিয়ে দেয় পুলিশ। এ সময় ৯৭ জনকে আটক করা হয়।
রেলস্টেশন মাস্টার জালাল উদ্দিন জানান, রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস সকাল সাতটা ১০ মিনিটে এবং নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস সকাল সাতটা ৪০ মিনিটে স্টেশনে পৌঁছায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ট্রেন দুটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ও ট্রেন দুটি ফেরত পাঠানো হয়। ভোরে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস জয়দেবপুর পৌঁছার পর তা ফেরত পাঠানো হয়।
টাঙ্গাইল স্টেশন থেকে আটক যাত্রীদের জেলা পুলিশ লাইনে খোলা আকাশের নিচে বসিয়ে রাখা হয়। বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, পুলিশ পাহারায় আটক যাত্রীদের বসিয়ে রাখা হয়েছে। তাঁদের অনেকেই শীতে কাতর হয়ে পড়েছেন। কর্তব্যরত পুলিশের একজন কর্মকর্তা জানান, আটক যাত্রীদের সকালে ও দুপুরে খাবার দেওয়া হয়েছে।
আটক যাত্রীদের দেখতে পুলিশ লাইনের গেটে স্বজনদের ভিড় করতে দেখা যায়। আটক রাসেল ও শরীফ নামের দুই যাত্রীর বন্ধু শাকিল জানান, তাঁরা পদ্মা এক্সপ্রেসে করে চাটমোহর থেকে ঢাকা ফিরছিলেন। টাঙ্গাইল আসার পর তাঁর দুই বন্ধুকে পুলিশ ট্রেন থেকে আটক করে।
পুলিশ সুপার সালেহ মোহামঞ্চদ তানভীর বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোনো অভিযোগ পাওয়া না গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।